
ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ হওয়া এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দগ্ধ হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নুর আলম মাসুদ (৪৫) সততা অয়েল মিলসের মালিক।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি স্থানে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করছিলেন মাসুদ। এ সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনায় গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান মাসুদ।
নিহতের পরিবারের দাবি, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন তিনি। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর খবর পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ঝুঁকিপূর্ণ রাসায়নিক কাজ কতটা বিপজ্জনক হতে পারে, এ দুর্ঘটনা তারই প্রমাণ।
তথ্যসূত্র: বিজয় টিভি



