
রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে গুলিবিদ্ধ হন টিটন।
পরে মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহত টিটন সম্পর্কে ইমনের শ্যালক।
হাসপাতালে নেওয়া প্রত্যক্ষদর্শী কিশোর রতন বলেন, “লোকটি দ্রুত হেঁটে যাচ্ছিলেন। পেছন দিক থেকে মাস্ক পরা এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে আবার দৌড়ে কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি পড়ে যান। পরে সামনে গিয়ে মাথার দিকে গুলি করা হয়।”
তিনি আরও বলেন, “লোকজন চিৎকার করলে হামলাকারী আরেকটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে মোটরসাইকেলের পেছনে বসে বিডিআর ক্যাম্পের দিকে চলে যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, টিটন ১৯৯০-এর দশকের শুরুতে অপরাধজগতে প্রবেশ করেন। প্রথমে স্থানীয় অপরাধী চক্রের সদস্য হিসেবে যুক্ত থাকলেও পরে নিজস্ব প্রভাব বিস্তার করেন।
তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলাও উল্লেখযোগ্য। এছাড়া অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



