অর্থ ও বানিজ্য
প্রধান খবর

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী

উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে দেশের স্বার্থে শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। সরকারি তহবিল যদি উচ্চমূল্যে জ্বালানি ক্রয়ের কারণে ক্রমাগত ক্ষয় হতে থাকে, তাহলে উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে একটি পর্যায়ে গিয়ে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশের অধিকাংশ জ্বালানি ওই অঞ্চল থেকে আমদানি করা হয়। ফলে সরবরাহ নিশ্চিত রাখতে সরকারকে বিকল্প উৎস থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কোনো আপস করতে চায় না। তবে উচ্চমূল্যে জ্বালানি আমদানি অব্যাহত থাকায় সরকারি তহবিলে চাপ বাড়ছে, যা দীর্ঘমেয়াদে বহন করা কঠিন হয়ে পড়তে পারে।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button