জাতীয়
প্রধান খবর

নির্বাচন সামনে রেখে চার দিনের জন্য এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি

আর মাত্র তিন দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবায় সীমাবদ্ধতা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সীমিত থাকবে। প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। ফলে দৈনিক সর্বোচ্চ লেনদেনের সীমা দাঁড়াবে ১০ হাজার টাকা।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধসহ পরিষেবা সংক্রান্ত লেনদেন আগের নিয়মেই চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচন চলাকালে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে এবং সব ধরনের লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন সময়ে আর্থিক লেনদেনের অপব্যবহার রোধ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

এই বিভাগের অন্য খবর

Back to top button