জাতীয়
প্রধান খবর

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বগুড়ার মীর শাহে আলম

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বগুড়ার একজন প্রতিনিধি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ (মঙ্গলবার) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

মীর শাহে আলম বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা শাখার সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে পরিচিত।

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব একটা আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই এক ধরনের আক্ষেপ ছিল।

এই প্রেক্ষাপটে মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকে বগুড়াবাসী ইতিবাচক হিসেবেই দেখছেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, দীর্ঘদিন পর বগুড়ার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেতে যাচ্ছে-এটি জেলার জন্য আনন্দের খবর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরাসরি তৃণমূল উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। ফলে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মীর শাহে আলমের সামনে যেমন বড় সুযোগ রয়েছে, তেমনি চ্যালেঞ্জও কম নয়।

এখন দেখার বিষয়, জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কতটা কার্যকরভাবে জেলার উন্নয়ন প্রত্যাশা পূরণ করতে পারেন। তবে আপাতত বগুড়াজুড়ে বইছে আনন্দ ও আশাবাদের হাওয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button