সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ পেলেন নাফিজকে হাসপাতালে নিতে যাওয়া রিকশাচালক নূর মোহাম্মদ

জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ কিশোরকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন।জুলাইযোদ্ধা
বুধবার (১১ মার্চ) তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য তিনি জাতীয় সংসদ ভবন থেকে আমন্ত্রণপত্রও সংগ্রহ করেছেন। নূর মোহাম্মদ বলেন, এটি তার জীবনের একটি বড় পাওয়া।
২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় ১৭ বছর বয়সী গোলাম নাফিজ গুলিবিদ্ধ হন। তিনি রাজধানীর মহাখালী এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেট এলাকার পদচারী সেতুর নিচে নাফিজ গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে একটি রিকশায় তুলে দিলে নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে কিছু লোক বাধা দিলে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ি এলাকার দিকে চলে যান।
সেই সময় দৈনিক মানবজমিন-এর ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলন্ত অবস্থায় নাফিজের কয়েকটি ছবি তোলেন। পরে ৪ আগস্ট রাতেই ছবিগুলো পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ছবির মাধ্যমেই নাফিজের পরিবার তার অবস্থান সম্পর্কে জানতে পারে।
ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বর দেখে নাফিজের পরিবারের সদস্যরা নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন।
ঘটনার পর নূর মোহাম্মদ জানান, সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্য তাকে ডেকে তার রিকশায় আহত একজনকে তুলে দেন। তিনি প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে নিতে চাইলে বাধার মুখে সেখানে ঢুকতে পারেননি। পরে খামারবাড়ি এলাকায় গেলে কয়েকজন নাফিজকে একটি অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
পরে গত ৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এ নূর মোহাম্মদের সেই রিকশাটি হস্তান্তর করা হয়। এক ব্যবসায়ী তার কাছ থেকে ৩৫ হাজার টাকায় রিকশাটি কিনেছিলেন।
সূত্র: প্রথম আলো।



