
তারেক রহমান কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি কুমিল্লা-সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান।
প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করে পরিবহনব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লার একটি লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত কারণ বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
এ ছাড়া ফেনী, হবিগঞ্জ এবং জামালপুর-সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে এবং একটি কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র ঈদুল ফিতর উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।”
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে লেভেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহনব্যবস্থা আরও নিরাপদ করতে দুর্বলতাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: কলের কণ্ঠ



