
রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে দলটিতে তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানাধীন জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’ এর পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। তিনি মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের মেয়ে।
হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তথ্যসূত্র: সময় টেলিভিশন



