
গত ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান বলেন, ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন খারিজ হওয়ায় মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে গত ১০ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি বিনিয়োগ বাবদ ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।
তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মান্নার মালিকানা ৫০ শতাংশ। বাকি অংশের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তাঁর স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ রয়েছে।
তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড



