
প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় সকাল থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তাদের কিছুটা সরিয়ে দেওয়া হলেও আশপাশের এলাকায় দিনভর মানুষের ঢল দেখা যায়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়িবহর পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন। ওই সমাবেশে কড়া নিরাপত্তার মধ্যে মঞ্চে উঠে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের তুলনা টেনে তিনি একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে একইদিন বিকেল পৌনে ৫টার দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।



