বাংলাদেশ
প্রধান খবর

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান। প্রথমে তিনি ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে মোনাজাতে অংশ নেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল অর্পণ করে মোনাজাত করেন তিনি।

মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

গত দুই দিনের মতো আজ লাল–সবুজ রঙে সাজানো বাসে নয়, বরং সাদা রঙের একটি ফুলসজ্জিত গাড়িতে করে ওসমান হাদির কবরে যান তারেক রহমান। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে বিএনপির মিডিয়া সেল সকালে ফেসবুকে এক পোস্টে জানায়, জুলাই গণ–অভ্যুত্থানে আহত কেউ না থাকায় আজ তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন করবেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় লাখ লাখ নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অভূতপূর্ব জনসমাগম ঘটে। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা অংশ নেন। সংবর্ধনা কর্মসূচি শেষে সবাই নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button