বাংলাদেশ
প্রধান খবর

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন প্রশ্নে গণভোট-এই দুটি বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে।

এর আগে, গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবারের মতো একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এর প্রেক্ষিতে গত ৯ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে সংস্কার কার্যক্রম তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোট আয়োজনের কথাও রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই আলোচনার ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button