
নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে নতুন করে ৩০টি বিশাল চর। এর ফলে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রে যুক্ত হতে চলেছে কয়েক হাজার একর নতুন ভূমি। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এসব চরের মধ্যে ১ লাখ ৬৪ হাজার একর এলাকাকে সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করেছে।
গবেষকদের মতে, এই ক্রমবর্ধমান ভূখণ্ড দেশের অর্থনীতি, কৃষি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এক অনন্য সম্ভাবনা সৃষ্টি করছে।
৩৬ বছরের পলি জমায় তৈরি নতুন ভূখণ্ড
দীর্ঘ ৩৬ বছর ধরে পলি জমার ধারাবাহিক প্রক্রিয়ায় সন্দ্বীপের পাশে গড়ে উঠেছে স্বর্ণদ্বীপ ও ভাসানচরের মতো বিস্তৃত ভূমি। মহাকাশ গবেষণা সংস্থা স্পারসোর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর ধীরে ধীরে একীভূত হয়ে বিশাল একটি ভূখণ্ডে পরিণত হচ্ছে।
হাতিয়ার পার্শ্ববর্তী ঘাসিয়া ও ঢালার চরসহ চারটি নতুন চরে ইতোমধ্যে জনবসতি গড়ে উঠেছে। অনেক চর এখন গরু-মহিষের প্রধান চারণভূমিতে পরিণত হয়েছে।
কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার
পরিবেশ বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, প্রতি বছর বঙ্গোপসাগরে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন টন পলি জমা হচ্ছে। এই উর্বর পলির কারণে নতুন চরগুলোতে ধান, সয়াবিন ও বাদামের মতো ফসলের চমৎকার ফলন হচ্ছে। এতে কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
পর্যটন ও পুনর্বাসনে সম্ভাবনাময় অঞ্চল
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে এই চরগুলো উন্নয়ন করা গেলে কক্সবাজারের পর এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ১৭ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার যে আশঙ্কা রয়েছে, সেই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য এই চরগুলো হতে পারে নিরাপদ ও স্থায়ী আবাসস্থল।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের পুনর্বাসনে এই নতুন ভূখণ্ড একটি বিশাল আশীর্বাদ।
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার সতর্কতা
তবে নতুন ভূমি গঠনের ফলে যেন ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের চলাচলের পথ বা মাইগ্রেটরি রুট বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমুদ্র গবেষকরা। তারা মাছের বিচরণক্ষেত্র সচল রাখতে প্রয়োজনে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে হাতিয়ার দক্ষিণাঞ্চলে আরও বেশ কিছু নতুন ডুবোচরের সন্ধান পাওয়া গেছে। তবে এসব চর স্থায়ী জনবসতির উপযোগী হতে আরও অন্তত চার দশক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: জনকণ্ঠ



