
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মন্ত্রণালয় পরিচালিত হয়েছে, যেখানে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। এখন থেকে সবকিছু নিয়মের ভিত্তিতেই চলবে। দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আলোচনা হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, কেবল একটি মোবাইল ফোন ব্যবহার করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা মেনে চলতে হবে। তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে অপরিহার্য-এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী।
পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



