বাংলাদেশ
প্রধান খবর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে।

নিহত নীলুফার ইয়াসমিন (৪৮) ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।

ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, নীলুফার ইয়াসমিন তিন মাস আগে ওই দোকানে চাকরিতে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। তিনি দুই কন্যাসন্তানের জননী, যাদের বয়স ১৬ ও ২০ বছর।

দোকানের জায়গার মালিক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়-গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)। এরপর তিনি ক্যাশিয়ারের কাছে গিয়ে অভিযোগ করেন, এটিএম মেশিন তার টাকা নিয়ে গেছে এবং টাকা ফেরত দিতে বলেন।

জবাবে নীলুফার ইয়াসমিন তাকে জানান, হয়তো ভুল পিন নম্বর দেওয়ার কারণে এমনটি হয়েছে এবং এটিএম মেশিনটি দোকানের নয়, তাই তিনি টাকা দিতে পারবেন না। এরপর অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।

এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে গাড়ি ভাঙার শব্দ শুনে দোকান থেকে বের হয়ে আসেন নীলুফার ইয়াসমিন। তখন তিনি অভিযুক্ত ব্যক্তিকে উদ্দেশ করে ‘আপনি কী করছেন’ বলে এগিয়ে যান। এ সময় রোলবার্ট জোয়াচিন ‘আমাকে আমার টাকা দাও’ বলে তেড়ে এসে হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের সামনে প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন অভিযুক্ত ব্যক্তি। এরপর নীলুফার দোকান থেকে বের হয়ে এলে তিনি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন।

খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। অপরাধী সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্যও আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button