
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-আন্দোলনের প্রকৃত ‘ক্যাপ্টেন’ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, “এনসিপির এক নেতা দাবি করেছেন-ছাত্র-জনতা খেলেছে, আর ট্রফি বিএনপি নিয়ে গেছে। আমি স্পষ্ট করতে চাই, আমরা কারও কাছ থেকে ট্রফি আনতে যাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের হাতে ট্রফি তুলে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন। এতে স্পষ্ট হয় এই আন্দোলনের মূল নেতৃত্বে কোন দল ও কোন নেতা ছিলেন।”
তিনি আরও বলেন, “এই আলোচনার মাধ্যমেই দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে এবং আজ একটি ঐতিহাসিক সংসদ গঠিত হয়েছে।”
প্রতিমন্ত্রী বলেন, “মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত হয়েও এই সংসদে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ এবং বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষণের মাধ্যমেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং ভোট চোর। এই সত্য উচ্চারিত হওয়া বিএনপি ও সংসদ নেতা তারেক রহমানের বড় রাজনৈতিক কৃতিত্ব।”
সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ ইতোমধ্যে সারাদেশে নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি কৃষকদের জন্য চালু হওয়া ‘কৃষক কার্ড’ নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
তিনি জানান, আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) টাঙ্গাইল সদর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সূত্র: টিবিএস নিউজ



