বাংলাদেশ
প্রধান খবর

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা

গত দুই মাসে পাওয়া ডিও লেটারের ভিত্তিতে দেশের রাস্তা মেরামত ও সংস্কারে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু-এর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অতীতের হিসাব অনুযায়ী আগামী বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে দুলু তার সংসদীয় আসনের যানজট নিরসনে নাটোর এন এস সরকারি কলেজ থেকে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত ফ্লাইওভার এবং রেলগেটের নিচে আন্ডারপাস নির্মাণের প্রস্তাব করেন।

জবাবে সেতুমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অবকাঠামো খাতে অনেক ব্যয় দেখানো হলেও বাস্তবায়ন হয়নি। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসহ জেলা সড়কের অবস্থা বর্তমানে জরাজীর্ণ।

তিনি বলেন, সংসদ সদস্যরা এলাকায় গেলে জনগণের নানা দাবির মুখোমুখি হন। গত দুই মাসে পাওয়া ডিও লেটার অনুযায়ী রাস্তা সংস্কারে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে। তবে রাষ্ট্রের সক্ষমতা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি প্রকল্পগুলো নির্বাচন করে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। নিজস্ব ও বৈদেশিক অর্থায়নের সমন্বয় করা হতে পারে বলেও জানান তিনি।

সব দলের সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

নাটোর শহরের যানজট প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ঘনঘন রেল চলাচলের কারণে ক্রসিংয়ে যানজট সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানে প্রাথমিকভাবে ওই এলাকায় ৬০০ মিটার দীর্ঘ একটি রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ডিজাইনের কাজ চলছে এবং কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এছাড়া নাটোর এন এস সরকারি কলেজ থেকে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত ১ দশমিক ৬৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। সমীক্ষার সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button