বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনতে বৃহস্পতিবার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বহর সম্প্রসারণ ও আধুনিকীকরণের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল বৃহস্পতিবার বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার ক্রয় চুক্তি সই করবে।
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
অনুষ্ঠানে খলিলুর রহমান, আফরোজা খানম, এম রশিদুজ্জামান মিল্লাত, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ বোয়িং ও বিমানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত সপ্তাহে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকার ৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমান ক্রয় এবং আরও কয়েকটি লিজ নেওয়ার চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে।
এর আগে ৪ এপ্রিল তিনি জানিয়েছিলেন, সরকার ১৪টি বোয়িং বিমান ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিমানের জন্য ৮টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, ২টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং 737-8 ম্যাক্স কেনা হবে।
প্রতিমন্ত্রী মিল্লাত এর আগে জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তীব্র উড়োজাহাজ সংকট কাটাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিমানের বহরে আন্তর্জাতিক রুটের জন্য ১৯টি উড়োজাহাজ থাকলেও ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন।
২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ৪৭টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সূত্রমতে, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করা হবে। বাকি বিমানগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করার আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: টিবিএস



