বাংলাদেশ
প্রধান খবর

নিত্যপণ্যের কর কমানো হলেও বিরোধী দলের সমালোচনা থামে না: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয় এবং মানুষের জন্য ক্ষতিকর পণ্যের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য হয় না।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এখন এর পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

কৃষিখাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, নতুন বাজেটে কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাধারণত বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। তবে এবার সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করায় সেই পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার কর বাড়িয়েছে। কিন্তু এরপরও বিরোধী দল বাজেটের সমালোচনা করছে। তাদের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে অস্থিরতা সৃষ্টি করা।

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button