
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তাকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ বিষয়টি নিয়ে আইন প্রণয়নে সুপারিশ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য সরকার যে বিনিয়োগ করছে, তা যেন সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এ সফলতা সবার ওপর নির্ভর করছে।
যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী দাতা দেশগুলোর প্রতি বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি বলেন, আমরা যেন সেই সহায়তা সঠিকভাবে ব্যবহার করতে পারি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে এবং শিক্ষকদের সক্ষমতা (ক্যাপাসিটি) বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা নিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছাড়াও শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের (জিপিই) আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তথ্যসূত্র: সময় নিউজ