
স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক রাজনৈতিক দলের সম্পদ হিসেবে দেখলে তা সবার হাতছাড়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার? তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। জুলাই বাংলাদেশের ২০ কোটি মানুষের।”
নিজের বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারী শাসনের সময় ‘আয়না ঘর’-এ ৬১ দিন কাটিয়েছেন এবং সেই সময়ের নির্যাতনের স্মৃতি এখনো অনেকের মনে গভীর ট্রমা হয়ে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফল হিসেবেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এটি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার না করে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাংবিধানিক সংস্কারসহ প্রয়োজনীয় পরিবর্তন সংসদের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই নিয়ে রাজনীতি নয়, জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নের প্রতিযোগিতা হওয়া উচিত। যারা শহীদ হয়েছেন, তারাই প্রকৃত জুলাই যোদ্ধা। তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।”
তথ্যসূত্র: দ্যা ডেইলি স্টার