
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী দুটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো ঢাকা-রিয়াদ রুটের বিজি-৫৩৯ এবং ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা (২১:০০ ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। এ কারণে ঢাকা থেকে রিয়াদগামী বিজি-৫৩৯ ফ্লাইটটি স্থগিত করা হয়।
অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে ১২ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়।
বিমান জানিয়েছিল, স্থগিত হওয়া ফ্লাইট দুটি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ হালনাগাদ তথ্য জানানো হবে।
এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। গতকাল রোববার আরেকটি হামলায় একজন নিহত এবং ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
তথ্যসূত্র: টিবিএস



