বগুড়ায় করোনায় ৪ এবং উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪
জেলায় এ পর্যন্ত ৬১২ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু আগের তুলনায় কম হলেও একেবারে থামছে না। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, জেলার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং অন্য ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া করোনামুক্ত হয়েছেন ১৫৯ জন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার ৩ জন। তারা হলেন- নন্দীগ্রামের কালিমুদ্দিন(৭০), কাহালুর জাহিদুর রহমান(৬৯) এবং শাজাহানপুরের আনোয়ারা(৭২)। এছাড়া বাঁকি ১ জন অন্য জেলার।
ডা. সাজ্জাদ আরও জানান, বৃহস্পতিবার মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। একই হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে ৫ নমুনায় সবার নেগেটিভ এবং ১০২টি এন্টিজেন পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ আসে । এছাড়া বেসরকারি হাসপাতাল টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনায় ৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।
নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে বগুড়া সদরের ৪২ জন, শেরপুরের ১৬ জন, শিবগঞ্জের ৭জন, দুপচাঁচিয়ার ৫জন, গাবতলীর ৫ জন, শাজাহানপুরের ৪ জন, ধুনটের ২ জন, আদমদীঘি, সারিয়াকান্দি এবং কাহালু উপজেলার ১জন করে আক্রান্ত হন।
পরিশেষে ডা. সাজ্জাদ অনলাইন ব্রিফিং এ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০,১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮,৫১৭ জন, মৃত্যু হয়েছে ৬১২ জনের এবং ১,০০৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।



