বাংলাদেশ
প্রধান খবর

পৌরসভা নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলটি পাসের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করার লক্ষ্যে চলমান আইন সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে সংসদে জানানো হয়।

তবে বিলটি পাসের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার অধিবেশনে ফিরে আসেন।

পরে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ খারাপ হলেও ক্ষমতা ধরে রাখতে তাদের করা সব আইন এখন ভালো হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল, এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে এবং স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হয়েছে।

বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হলে পরে কণ্ঠভোটে তা পাস হয়। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button