
হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের শুনানির জন্য আগামীকাল সোমবার সময় নির্ধারণ করেন।
গত ২ এপ্রিল দায়ের করা রিটে শিশুদের সুরক্ষায় স্কুল-কলেজ বন্ধ রাখার পাশাপাশি হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। ব্যারিস্টার পূর্ণিমা জাহান রিটের পক্ষে শুনানিতে অংশ নেবেন।
এর আগে, ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের হামের টিকা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, টিকার অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শিশুরা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন রিটকারীরা।
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন



