বাংলাদেশ
প্রধান খবর

বাংলাদেশ-ভারত ভিসা সেবা পূর্ণমাত্রায় চালুর উদ্যোগ

দেড় বছরের টানাপোড়েন শেষে সম্পর্ক স্বাভাবিকের পথে; ধাপে ধাপে ভিসা কার্যক্রম চালু করবে দিল্লি

দীর্ঘ প্রায় দেড় বছরের টানাপোড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণমাত্রায় ভিসা সেবা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

শনিবার (২ মে) সূত্রের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ এরইমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালু করেছে। অন্যদিকে ভারত সরকার ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। এ সফরে ভিসা স্বাভাবিককরণকে ঢাকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হয়েছে। এই সময়ে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে।

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা-র নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শপথ অনুষ্ঠানে অংশ নেয়।

পটভূমিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর দিল্লি-ঢাকা সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ভিসা কার্যক্রম ব্যাহত হলেও তা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে চিকিৎসা বা পারিবারিক জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কেস-বাই-কেস ভিত্তিতে ভিসা দেওয়া হয়েছে।

ভিসা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং অন্যান্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: সময় সংবাদ

এই বিভাগের অন্য খবর

Back to top button