ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীবান্ধব র্যাম্প ও টয়লেট বাধ্যতামূলক

সিটি করপোরেশন এলাকায় হোটেল ও রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পেতে এখন থেকে প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৭ মে) সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আয়োজিত এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সিটি করপোরেশন এলাকায় কোনো হোটেল বা রেস্তোরাঁকে ট্রেড লাইসেন্স দেওয়ার আগে সেখানে প্রতিবন্ধীদের ওঠানামার জন্য আলাদা র্যাম্প এবং বিশেষ ধরনের বাথরুম রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।
রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সাময়িক জলজট তৈরি হতে পারে, যা ধীরে ধীরে নেমে যাবে।
তিনি আরও জানান, রাজধানীর লেকগুলোতে সরাসরি সুয়ারেজের পানি ফেলা যাবে না। আগামী দুই বছরের মধ্যে সব বাড়িতে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক ও এসটিপি (সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করতে হবে।
এ ছাড়া বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তথ্যসূত্র: সময় নিউজ

