বাংলাদেশ
প্রধান খবর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সংরক্ষিত বন এলাকা পরিদর্শন করেন এবং আরও কয়েকটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রজাতির মোট ১১ ধরনের গাছের চারা রোপণ করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীর খাল পুনঃখনন কর্মসূচির স্থানে যান। পরে সেখান থেকে নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে পৌঁছান। সফরকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তার স্ত্রী হাসিনা আহমদ।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সড়কের দুই পাশে হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান। ফুল ছিটিয়ে ও হাত নেড়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তথ্যসূত্র: আরটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button