
বাংলাদেশে ফেসবুকের একাংশ ব্যবহারকারী হঠাৎ বিভ্রাটের মুখে পড়েছেন। রোববার দুপুর থেকে বিশেষ করে ডেস্কটপে ফেসবুক ব্যবহারকারীরা লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার অভিযোগ করছেন। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে কম সমস্যা দেখা যাচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী সাইফুল সামিন জানান, রোববার বেলা আড়াইটার দিকে ডেস্কটপে ফেসবুক খুলতে গেলে ‘Account Temporarily Unavailable’ বার্তা দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়, সাইটে সমস্যার কারণে সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হবে।
এদিকে, ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী সেবা ডাউনডিটেক্টরেও ফেসবুক-সংক্রান্ত অভিযোগ দ্রুত বাড়তে দেখা গেছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, ওয়েব সংস্করণে প্রবেশ, নিউজফিড লোড হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে পেজ লোড হতে বেশি সময় লাগছে বা লগইন করা যাচ্ছে না।
বাংলাদেশের বিভিন্ন ব্যবহারকারীও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের অনেকেই বলছেন, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ঠিকভাবে ব্যবহার করা না গেলেও মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
উল্লেখ্য, গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সেদিন সন্ধ্যা থেকে লগইন করতে না পারা, নিউজফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। পরে রাত সাড়ে ৮টার কিছু আগে ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে।
