স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহির বার্তা, দ্রুত নির্বাচন আয়োজনের প্রত্যাশা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমে জনগণের সেবা নিশ্চিত করা, দরিদ্র মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এবং অতীতের দুর্নীতি-অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আজ রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের সঙ্গে সরাসরি কাজ করে। এ মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করতে পারলে জনগণের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এর সুফল পুরো দেশ পাবে।
তিনি বলেন, সরকারের সেবা সবার জন্য হলেও সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনের দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। তাদের প্রয়োজন পূরণে সরকারের পক্ষ থেকে কার্যকরভাবে কাজ করাই তাঁর অন্যতম অগ্রাধিকার।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকারে জনগণের প্রকৃত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন-এটাই সরকারের প্রত্যাশা।
অতীতের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি করি।”
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন। জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে গণমাধ্যম সরকারকে সঠিকভাবে কাজ করতে সহযোগিতা করতে পারে।
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের কার্যক্রমে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং জনগণের সেবাকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের কাছে সেবা সঠিকভাবে পৌঁছে দিতে পারে, তাহলে পুরো বাংলাদেশ ঠিক থাকবে।”
মন্ত্রী তাঁর দায়িত্ব পালনে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


