
রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে বিশেষ দূত জুলি বিশপ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত এবং দীর্ঘস্থায়ী এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।
এদিকে নিউইয়র্ক সফরের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ।
সাক্ষাতে প্রায় এক দশক ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার।
এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকট নিরসনের পথে গতি সঞ্চারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার বিষয়টিও উঠে আসে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



