
খুব দ্রুতই আকর্ষণীয় অফার নিয়ে মগবাজার ব্যতীত নবীন ফ্যাশনের অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন-ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি-এর সভাপতি হেলাল উদ্দিন-এর উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন-ইনশাআল্লাহ।’
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজার-এ এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তাঁদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এ কারণে যদি বাধার সম্মুখীন হতে হয় তাহলে তারা ব্যবসা বন্ধ করে দেবেন। তিনি বলেন, “আমি আবার প্রবাসে ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না।”
পরবর্তীতে মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর একটি ছবি পোস্ট করেন এনামুল হাসান নবীন। ওই ছবিতে তাঁর সঙ্গে আরও কয়েকজন সঙ্গীকে দেখা যায়।
ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব-ইনশাআল্লাহ।’
সূত্র: চ্যানেল ২৪



