
ঢাকায় শুক্রবার সকালের শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী, বগুড়ার রাফিউল ইসলাম (২০)। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর বংশালে যে তিনজন প্রাণ হারান, তাদের একজন তিনি।
রাফিউলের বাড়ি বগুড়া শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকায়। বাবা ওসমান গনি দিনাজপুরে চাকরি করেন। হলে সিট পেলেও মা ও বোনের সঙ্গে বংশালে ভাড়া বাসায় থাকতেন রাফিউল।
ঘটনার সময় রাফিউল মা নুসরাত বেগমকে নিয়ে মহিষের মাংস কিনতে কসাইটুলীর নিচতলায় একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তীব্র ভূকম্পনে দোকানের সামনে থাকা লোকজনের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। রাফিউল ও তার মা গুরুতর আহত হন।
স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক রাফিউলকে মৃত ঘোষণা করেন। তার মা নুসরাত এখনো হাসপাতালে চিকিৎসাধীন।



