বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) এবং নন্দীগ্রামের ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম (৫৬)।

বুধবার দুপুরে এসব তথ্য বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ জানায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকা থেকে রেজাউল করিমকে এবং শিবগঞ্জ এলাকা থেকে জহরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত এই দুই নেতার বিরুদ্ধে হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১ নম্বর আসামি রেজাউল করিমের বিরুদ্ধে আগে থেকেই দুটি বিস্ফোরক আইনের মামলা আদালতে বিচারাধীন। এ ছাড়া নন্দীগ্রাম উপজেলার কুমিড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মারিয়া বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি গত ১৫ সেপ্টেম্বর নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি বিস্ফোরক ও মারপিট মামলার এজাহারভুক্ত আসামি। তিনি এখন নন্দীগ্রাম থানা হাজতে আছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত তিন জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button