
বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন চাকার যান (ভটভটি) উল্টে মাছ ব্যবসায়ী ও চালক নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া–নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) এবং একই উপজেলার খানপুর গ্রামের ভটভটিচালক চঞ্চল হোসেন (৪৫)।
আদমদীঘি থানার পুলিশ জানায়, সোমবার সকালে তারা দুপচাঁচিয়া সদরে মাছ বিক্রি করে একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। ভটভটিটি বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি উল্টে গিয়ে চালক ও মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ভটভটিচালক চঞ্চল হোসেনকে মুমূর্ষু অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো



