
নিজস্ব প্রতিবেক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আসনটিতে এনসিপির ঘোষিত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এনসিপির বদলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) হয়ে মনোনয়ন উত্তোলন করেছিলেন ওয়াকি।
শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাইয়ে বৈধ ও অবৈধ মনোনয়ন ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। নির্বাচনে অংশগ্রহণের জন্য এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের মোট ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ে বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
আর বগুড়া সদর আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এই তিনজন হলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী, জেএসডি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ।
বগুড়া-৬ আসনের মনোনয়ন বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, মনোনয়নপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকায় বিএনপি প্রার্থী ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থীর আয়কর রিটার্ন জমা দেয়নি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট না থাকায় এবং জেএসডি মনোনীত প্রার্থী ১০-বি ফরম জমা না দেয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার ৭টি আসনের যাচাই বাছাই গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। গতকাল তিনটি আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়। এতে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী বৈধ এবং ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।



