ধুনট উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনট উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলার এলেঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী সেখানে উপস্থিত হয়ে প্রচারণা বন্ধ করতে বলেন।

তিনি আরও জানান, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় জামায়াতে ইসলামীর জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২) আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শনিবার রাতেই জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা ও আবু বক্করকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button