
বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় পবিত্র হাওলাদার (৩০) নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ধুনট উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পবিত্র হাওলাদার ধুনট সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালোপাড়া এলাকার বাসিন্দা এবং জিতেন্দ্র হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে পবিত্র হাওলাদার সিএনজিচালিত অটোরিকশায় করে শেরপুর উপজেলায় মাছ কিনতে যাচ্ছিলেন। পথে শালফা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে রাস্তার পাশের গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পবিত্র হাওলাদারের মৃত্যু হয়। সিএনজিতে থাকা আরেক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শেরপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি শনাক্ত ও চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



