নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মুক্তিযোদ্ধা উপাধি ব্যবহারে জামায়াত প্রার্থী শাহাবুদ্দিনকে শোকজ

মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট কাজী এরফানুর রহমানের করা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি এ নোটিশ জারি করা হয়।

নোটিশটি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি বগুড়া-১ এর চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. শামীমা খাতুন।

নোটিশে উল্লেখ করা হয়, প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন অথবা তার পক্ষে কোনো প্রতিনিধি আগামী ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা প্রদান না করলে নির্বাচনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা নন- তবুও নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

এ বিষয়ে অভিযুক্ত প্রার্থীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button