
বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন নাসিরুল ইসলাম, তিনি বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান,
“বুধবার রাতে নাসিরুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন নেতা-কর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে পাওয়া যায়। তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, রাতে পোলিং এজেন্টের তালিকা জমা দেওয়ার সুযোগ নেই বলেও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম বলেন,
“জামায়াতের নেতা-কর্মীরা পোলিং এজেন্টের নামের তালিকা জমা দিতে কেন্দ্রে এসেছিলেন। এ খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন ভোটকেন্দ্রের বাইরে জড়ো হন।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এদিকে, বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেন,
“শুধু পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। স্থানীয়রা সেখানে মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন।
তথ্যসূত্রঃ আজকের পত্রিকা



