বাজে ফিল্ডিংয়ে কুষ্টিয়ার কাছে হার দিয়ে শুরু বগুড়ার
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে হতাশাজনক সূচনা

বাজে ফিল্ডিং ও গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের খেসারত দিয়ে বগুড়া জেলা ক্রিকেট দল ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে।
বগুড়ার দেওয়া ১৭৩ রানের লক্ষ্য কুষ্টিয়া ২ উইকেট হাতে রেখে এবং ৭ বল বাকি থাকতে টপকে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে বগুড়ার দুই ওপেনার জুবেরি ও রেদওয়ান ঝড়ো সূচনা এনে দেন। মাত্র ৫ ওভারে দলীয় ৫০ রান পূর্ণ করে বগুড়া। দলীয় ৫১ রানে আউট হন জুবেরি।
এরপর দলের ৮৭ রানে সাজঘরে ফেরেন রেদওয়ান। একসময় বগুড়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান। তবে মাঝের সারির ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৭২ রানে অলআউট হয়ে যায় দলটি।
১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় কুষ্টিয়া। ইনিংসের শুরুতেই তাদের প্রথম উইকেট তুলে নেয় বগুড়া।
কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ফিল্ডিংয়ে একাধিক ভুলে। বিশেষ করে রাজা ও মিথুনের দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস বড় ব্যবধান গড়ে দেয়। এর সঙ্গে বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে কুষ্টিয়া ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখে এবং ৭ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুষ্টিয়া।
শুরুর ম্যাচেই এমন পরাজয়ে হতাশ বগুড়া শিবির। ব্যাটিংয়ে ভালো শুরু থাকলেও ফিল্ডিং দুর্বলতা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ।
আগামী ২৬ তারিখ নিজেদের ২য় ম্যাচে মাঠে নামবে বগুড়া।



