বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফিতা কেটে পাঠশালার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদল এর সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, সপ্তাহে তিন দিন এ পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হবে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পাঠদান করবেন সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা।

তারা বলেন, তারেক রহমান-এর স্বপ্নের বাংলাদেশে কেউ যেন পিছিয়ে না থাকে- সেই লক্ষ্যেই প্রাথমিকভাবে স্বল্প পরিসরে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুশিক্ষা নিশ্চিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদরা মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছেন। নতুন প্রজন্ম যেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়- সে লক্ষ্যেই তারা কাজ করে যাবেন।

পাঠশালা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button