
বগুড়ায় ‘মায়ের আশ্রয়’ নামের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন সামিউল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গত ১৩ ফেব্রুয়ারি শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন ‘মায়ের আশ্রয়’ কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির ১১ দিনের মাথায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দ্রের কর্মীরা তাকে অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হাসপাতালে তারা সামিউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের অভিযোগ, নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বগুড়া উপপরিচালক জিল্লুর রহমান জানান, প্রতিষ্ঠানটিতে কোনো অনিয়ম বা অবহেলা ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



