
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাতজন ছাত্রদল নেতাকে সংগঠনের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কৃত নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক মোঃ সাজু আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সুজন মাহমুদ, সদস্য মোঃ আব্দুল্লাহ আল শাকিল, মোঃ আসিফ এবং নন্দীগ্রাম পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



