বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় দুর্ঘটনায় বাবা-মা হারানো আহত শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে গুরুতর আহত দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল-এ নেওয়া হচ্ছে।

আতিকুর রহমান রুমন আরও জানান, শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালকের সঙ্গে কথা বলেছেন। এছাড়া ঢাকার সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার সব ব্যয়ভারও গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

সূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button