
বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মাধ্যমে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে খুলনার উদ্দেশে যাত্রা করে।
এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে জংশন অতিক্রম করার কিছুক্ষণ পর বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঈশ্বরদী এবং পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে সারারাত উদ্ধার কার্যক্রম চালায়। পরে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা হয়।
প্রধান প্রকৌশলী জানান, রেললাইন মেরামতের কাজ চলমান থাকলেও আপাতত ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।
ঈদযাত্রার সময় এ দুর্ঘটনায় সাময়িকভাবে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
সূত্র: কালবেলা



