
সৌদি আরব-এর সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলীসহ তিনটি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে গাবতলী উপজেলার রেল স্টেশন মসজিদে ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের উদ্যোগে প্রায় অর্ধশত মুসল্লি সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেন।
এ নামাজে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। নামাজে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এতে অংশ নেন।
ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এছাড়া ধুনট উপজেলার হাশুখালী এবং সোনাতলা উপজেলার কালাইগাটা গ্রামেও কয়েকটি পরিবারের মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে প্রায় ৭৫ বছর বয়সী জহির উদ্দীন জানান, তিনি দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। গত প্রায় ২৫ বছর ধরে একই ধারাবাহিকতায় ৩০টি রোজা পূর্ণ করে এবারও তিনি ঈদ উদযাপন করছেন।
তবে স্থানীয়ভাবে ইমামের সংকট থাকায় গত ২-৩ বছর নিয়মিতভাবে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর ইমাম পাওয়ায় আবারও সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা।



