
আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
রোববার সকাল ১০টায় বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। নির্বাচন কমিশন এ নির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে, সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। তবে বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
অবৈধ ও হারানো অস্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, এখনো চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত না হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আখতার আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, আ ন ম বজলুর রশিদ, মো. শাহজাহান, আরিফুল ইসলাম মাসুম, শফিকুল ইসলাম, মির্জা সায়েম মাহমুদ, তানভীর আহমেদ তমাল এবং রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।



