বগুড়া জেলা
প্রধান খবর

রাত পোহালেই সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, স্বপ্ন দেখছে নগরবাসী

দীর্ঘদিনের প্রত্যাশা আর নানা জল্পনা কল্পনার পর অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে বগুড়া। আগামীকাল ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে এ ঘোষণা উদ্বোধন করবেন এমন খবরে নতুন আশার আলো দেখছে নগরবাসী।

বর্তমানে বগুড়া শহরের সবচেয়ে আলোচিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, যানজট ও পার্কিং সংকট। এসব সমস্যা দীর্ঘদিন ধরেই নাগরিক জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দাবিও ছিল জোরালো।

এই প্রেক্ষাপটে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করার উদ্যোগকে ঘিরে শহরজুড়ে সৃষ্টি হয়েছে আশাবাদ। অনেকের মতে সিটি করপোরেশন হলে উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবার মানও বাড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ নিয়ে চলছে আলোচনা। কেউ বলছেন শুধু নাম পরিবর্তন নয় বাস্তব উন্নয়ন দরকার। আবার কেউ আশাবাদী এই পরিবর্তনের মাধ্যমে বগুড়ার সামগ্রিক চেহারাই বদলে যাবে।

জানা গেছে সিটি করপোরেশন হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো বগুড়া পৌরসভা অনেক আগেই পূরণ করেছিল। বিশেষ করে ২০০৬ সালেই নির্ধারিত ৮টি শর্ত পূরণ করা হলেও নানা কারণে এতদিন তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন সরকার বগুড়ার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নিতে কাজ করছে এবং সিটি করপোরেশন ঘোষণা সেই প্রচেষ্টারই অংশ।

নগরবাসীর প্রত্যাশা এই ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পৌর প্রশাসনের কর্মকর্তারাও বলছেন সিটি করপোরেশন হলে নগর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং ধীরে ধীরে বদলে যাবে শহরের চিত্র।

দীর্ঘ প্রতীক্ষার পর সিটি করপোরেশন ঘোষণার মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া। এখন দেখার বিষয় এই ঘোষণা কত দ্রুত বাস্তব উন্নয়নে রূপ নেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button