বগুড়ায় আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঘোষণা

বগুড়ায় একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২ মে) বিকেল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, “নতুন কুঁড়ি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।” তিনি জানান, ‘স্বপ্নের পথে বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে সারাদেশের মতো বগুড়াতেও এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে প্রতিভাবান সাংস্কৃতিক কর্মী, কবি ও সাহিত্যিকদের তুলে এনেছিলেন, সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চাইলে ঢাকায় এই আয়োজনের উদ্বোধন করতে পারতেন। তবে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতেই বিভাগীয় পর্যায় থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে। এর ফলে সারা বছর আন্তঃস্কুল, আন্তঃউপজেলা ও আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতা চলবে।
বগুড়ায় আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে স্থান নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া আগামী জুনের মাঝামাঝি সময়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বগুড়া বিমানবন্দর চালুর লক্ষ্যে আন্তর্জাতিক কার্গো সুবিধা ও পাইলট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমাত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে প্রকৌশল, কৃষি ও চিকিৎসা অনুষদসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা হবে।
অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন নানা ক্রীড়া আয়োজনে।
সংশ্লিষ্টদের আশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে।



